রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ০৭:৩৯:৩০
শজিমেক হাসপাতালে মীর শাহে আলম, মোহাম্মদ আলী হাসপাতালে বাদশা সভাপতি মনোনীত
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
অপরদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন রেজাউল করিম বাদশা এমপি।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত পৃথক দুইটি চিঠিতে এ মনোনয়নের তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, নব-মনোনীত সভাপতিদ্বয়ের নেতৃত্বে হাসপাতাল দুটির চিকিৎসাসেবা, ব্যবস্থাপনা ও জনসেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং চিকিৎসা কার্যক্রমে গতি আসবে বলেও আশা প্রকাশ করেছেন তারা।