রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০০:৪৮
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন যুবদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, একটি কুচক্রী মহল পরাজিত শক্তির ইশারায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে। বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত এবং দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়ানো হচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সব ধরনের অপচেষ্টা ও ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করবে যুবদল।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও শান্তি বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সবসময় সজাগ রয়েছে। যারা সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে সোচ্চার থাকবে।
তিনি বলেন, বিএনপির ভিত্তি কোনো বাঁশের খুঁটি নয়, জনগণই বিএনপির শক্তি। জনগণের এই ভিত্তি এতটাই শক্তিশালী যে, হিমালয় পর্বতের শক্তি দিয়েও তা টলানো সম্ভব নয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি ফেরদৌস আজম সুমন, অ্যাডভোকেট এনামুল হক পান্না, তাজমিলুর ইসলাম বিচিত্র, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম রিমন, জুম্মান শেখ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, বাবুল প্রধান, সহ-সম্পাদক কিশোর হাসান ছনি, শফিউল আলম শাফিন, আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সেলিম, টফন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন ও প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।