কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৩৯:৫৬
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কোনাবাড়ী থানাধীন আমবাগ মিতালী ক্লাব এলাকায় অবস্থিত হানিওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা গত দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজার আঞ্চলিক সড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করেন।
স্থানীয় শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে কারখানার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। নির্ধারিত সময়েও বেতন না পাওয়ায় এবং বারবার কারখানা বন্ধের নোটিশ দেওয়ায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এ কারণে সকাল থেকেই শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান নেন। একপর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ করেন।
পরবর্তীতে বেলা পৌনে ১২টার দিকে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা আমবাগ এলাকায় অবস্থিত আরেকটি গার্মেন্টস পি.এন. নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের তাদের আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাতে কারখানাটির সামনে গেলে শিল্প পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে হানিওয়েল গার্মেন্টসের শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন।
শারমিন নামে এক নারী শ্রমিক বলেন, ‘আমাদের বেতন দেওয়ার কথা ছিল ১০ তারিখে। আজ ২২ তারিখ, তবুও বেতন দিচ্ছে না। আমরা রুম ভাড়া ও দোকানের বাকি কীভাবে দেব?’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পুলিশও আমাদের কোনো সহযোগিতা করছে না।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান বলেন, ‘আগস্ট মাসের বকেয়া বেতন শ্রমিকদের পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধ রাখা হয়েছে। শ্রমিকরা দোকানের বাকি ও ঘরভাড়া দিতে পারছেন না। শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।’
তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করে বন্ধ কারখানা খুলে দেওয়া হোক।’
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘কোনাবাড়ীতে একটি কারখানার পোশাক শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো আঞ্চলিক সড়ক অবরোধ করেন। পরে পার্শ্ববর্তী আরেকটি কারখানায় হামলা করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশও অবস্থান করছে।’