কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ রাত ০৯:৫৫:০৭
কোনাবাড়ীতে এস এ পরিবহনে চাঁদাবাজির অভিযোগে মামলা, গ্রেফতার ১
গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় অবস্থিত এস এ পরিবহন পার্সেল সার্ভিসের শাখায় ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে আশরাফুল ইসলাম শান্ত মির্জা (৪৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মামলা দায়ের করার পর অভিযুক্ত আশরাফুল ইসলাম শান্ত মির্জাকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় জড়িত অন্যরা পলাতক রয়েছেন।
গ্রেফতার শান্ত মির্জা কুড়িগ্রাম জেলার চিলমারী থানার খরখরিয়া গ্রামের মৃত দারোগা আলীর ছেলে। পলাতকরা হলেন, আসাদুজ্জামান লিয়ন(৩৫) ও মো. আবু তাহের (৪৫)।
মামলার এজহার সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮ টার সময় কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী জেলখানা রোডে অবস্থিত এস.এ পরিবহন প্রাইভেট লিমিটেড পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস নামক প্রতিষ্ঠানের ভিতরে অনধিকারভাবে দেশীয় অস্ত্রসহ বেআইনি জনতাবদ্ধে প্রবেশ করে আশরাফুল ইসলাম শান্ত মির্জা ও আসাদুজ্জামান লিয়নের নেতৃত্বে একটি সক্রিয় চাঁদাবাজ চক্র।
পরে অফিস স্টাফদেরকে অবৈধ ভাবে আটক করে বিভিন্ন অস্ত্রের ভয় দেখিয়ে ম্যানেজারসহ অফিস স্টাফদের চর থাপ্পর মেরে গোডাউন থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন ব্যান্ডের ৬ বস্তা সিগারেট যার আনুমানিক বর্তমান মূল ৫ লক্ষ টাকা ও গ্রাহকদের লেনদেনের ক্যাশ বাক্সে থাকা নগদ ৫ লাখ ৫৬ হাজার টাকা নিয়ে যায়।
বিবাদীরা চলে যাওয়ার সময় আরও ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে ম্যানেজারকে শান্ত মির্জার মোবাইল নাম্বার দেয় এবং উপরোক্ত ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে গুম করে ফেলবে বলে হুমকি প্রদান করে। অফিস হতে বের হয়ে কালো রংয়ের মাইক্রো গাড়ি দিয়ে চলে যায়।
মামলার বাদী আরিফুল ইসলাম বলেন, উল্লেখিত বিবাদীসহ অজ্ঞাতনামা ৫ জনের কর্মকান্ডে আমিসহ আমার অফিসের স্টাফরা চরম আতংক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমি দেশের স্বনামধন্য পরিবহন সেবাদানকারী বৃহৎ প্রতিষ্ঠান এস.এ পরিবহন প্রাইভেট লিমিটেড পার্শ্বেল এন্ড কুরিয়ার সার্ভিস এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এবং আমার অফিসে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ও স্থানীয় লোকজনকে দেখিয়ে বিবাদীদের সনাক্ত পূর্বক নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় এসে এজাহার দায়ের করি।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় একজনে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার শান্ত মির্জাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।