কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৬:১৭:৩৬
টেকনাফে ৫ লাখ পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক গ্রেফতার
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে র্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতের শেষভাগে টেকনাফ উপজেলার সাবরাং খালের দক্ষিণ পাশে মন্ডলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. সাজেদ ও এনামুল হাসান।
র্যাব আরও জানায়, অভিযানের সময় তাদের সহযোগী আরও ৪ থেকে ৫ জন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১৫-এর কর্মকর্তারা জানান, গ্রেফতার দুই ব্যক্তি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব বলছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।