নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬ সকাল ১১:৩৬:৪৫
সাভারে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার মেয়র প্রার্থী খোরশেদ আলমের
মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে সাভার পৌর এলাকায় একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পৌর কাউন্সিলর ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম।
১২ জুন শুক্রবার সকালে একান্ত সাক্ষাৎকারে তিনি সাভার পৌর এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনার কথা জানান। এ সময় মাদক ব্যবসায়ীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, সাভার পৌর এলাকা মাদকমুক্ত করতে সমাজের সকল স্তরের মানুষকে অংশগ্রহণ করতে হবে। প্রতিবেশী, শিক্ষক, বন্ধু এবং সহকর্মীরা একে অপরকে মাদকমুক্ত জীবনধারায় উৎসাহিত করতে পারে। যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না।
তিনি বলেন, সামাজিক চাপ ও দৃষ্টান্তের মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা সম্ভব। যখন সমাজের প্রত্যেক সদস্য মাদকবিরোধী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন হয়, তখন যুবসমাজকে প্ররোচিত করা অনেক সহজ হয়।
তিনি বলেন, মাদক নির্মূলের ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের জাগরণ অপরিহার্য। এটি শুধু ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত করে না, বরং পুরো সমাজকে সুস্থ, নিরাপদ এবং সুন্দর রাখে।
তিনি বলেন, পরিবারিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানের সচেতনতা, রাজনীতিবিদদের ভূমিকা এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম মিলিতভাবে সাভারের যুবসমাজকে মাদকমুক্ত জীবনের দিকে পরিচালিত করতে পারে। মাদকবিরোধী সচেতনতা গড়ে ওঠা মানে হলো যুবসমাজকে শক্তিশালী, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন, সমাজের সকল স্তরের মানুষকে মাদক নির্মূলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, সাভার পৌর এলাকায় মাদক নির্মূলে সচেতনতা, শিক্ষা এবং নৈতিক দিকনির্দেশনা ছাড়া আমাদের এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর হামলা মামলা নির্যাতন কারাবরন সব উপেক্ষা করে বিএনপি নেতা খোরশেদ আলম সাভারের মাটিতে বিএনপি কে উজ্জীবিত করে কর্মীদের সাথে নিয়ে রাজপথে থেকেছেন। এর ফলশ্রুতিতে তার সমর্থক ও শোভাকাঙ্খীরা মেয়র হিসেবে মো: খোরশেদ আলমকে আসীন করতে মাঠে প্রচার প্রচারণায় সক্রিয়।