গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ রাত ০৮:৪৭:৩৪
গৌরনদীতে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার
নিহত রেজাউল হাওলদার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে রেজাউল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, রবিবার সকাল ৭টার দিকে তিনি নিজের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে গ্রামপুলিশকে খবর দেন। পরে গ্রামপুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনাস্থল সংলগ্ন এলাকা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ কারণে মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।