হানিফ উদ্দিন সাকিব হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ রাত ০৭:১৪:১২
দুর্ঘটনায় পঙ্গুত্ব, স্ত্রী ছেড়ে গেছেন; দুই সন্তান নিয়ে অসহায় নবীর উদ্দিন
একসময় সুস্থ-সবল মানুষ ছিলেন নবীর উদ্দিন। স্ত্রী ও এক ছেলে, এক মেয়েকে নিয়ে ভালোই চলছিল তাঁর সংসার। কিন্তু একটি দুর্ঘটনা মুহূর্তেই বদলে দেয় তাঁর জীবনের গল্প। ভেঙে যায় মেরুদণ্ড, অবশ হয়ে যায় দুই পা। হারিয়ে ফেলেন স্বাভাবিকভাবে চলাফেরার সক্ষমতা।
নবীর উদ্দিন নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৌলভী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্ত্রীও তাঁকে ছেড়ে চলে যান। বর্তমানে ৭ বছর বয়সী ছেলে সাঈম ও ১০ বছর বয়সী মেয়ে রিয়া আক্তারকে নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে তাঁর। সংসারের খরচ জোগাতে একপর্যায়ে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিতে হয় তাঁকে।
তাঁর অসহায়ত্বের কথা বিবেচনা করে সমাজসেবা অধিদপ্তর থেকে একটি দোকানঘর ও কিছু মালামাল দেওয়া হয়েছে। কিন্তু পর্যাপ্ত পুঁজি ও প্রয়োজনীয় মালামাল না থাকায় দোকান থেকে তেমন আয় হচ্ছে না। ফলে দুই সন্তানকে নিয়ে এখনো অভাব-অনটনের মধ্যে দিন কাটছে তাঁর।
স্থানীয় বাসিন্দারা জানান, নবীর উদ্দিন একসময় স্বাভাবিক জীবনযাপন করতেন। দুর্ঘটনার পর তাঁর জীবনে নেমে আসে চরম দুর্দশা। দুই সন্তানকে নিয়ে তাঁর সংগ্রাম সত্যিই কষ্টদায়ক। সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে এলে তিনি আবারও স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।
তাঁরা আরও বলেন, সমাজসেবা অধিদপ্তর থেকে দোকানঘর দেওয়া হলেও ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত মালামাল ও পুঁজি প্রয়োজন। তাই নবীর উদ্দিনের দোকানটি সচল রাখতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও মানবিক মানুষদের সহযোগিতা কামনা করেন তাঁরা।
নবীর উদ্দিন বলেন , সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলো তাঁর পাশে দাঁড়াবেন। দোকানটি ভালোভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ও আর্থিক সহযোগিতা পেলে ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসার মাধ্যমে দুই সন্তানকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন তিনি।
একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর স্বাভাবিক জীবন, ভেঙে দিয়েছে সাজানো সংসার। এখন দুই সন্তানের মুখে হাসি ফোটাতে সমাজের মানবিক মানুষের সহযোগিতাই তাঁর একমাত্র প্রত্যাশা।