দাউদকান্দিতে দলীয় অফিস উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ জুন ২০২৬ রাত ০৮:১৭:০৭
বিএনপি ক্ষমতায় থাকলে বিশ্বে সম্মানিত হয় বাংলাদেশ: ড.খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে বিশ্ব দরবারে বাংলাদেশ সম্মানিত হয়। এটি আবারও প্রমাণিত হলো। বিএনপি সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারে। জনগণের স্বার্থ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সরকারের কোনো বিকল্প নেই।
শুক্রবার (৫ জুন) দাউদকান্দি উপজেলার বিটতলা গ্রামে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধনকালে সমবেত স্থানীয় এলাকার জনগণ ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড.খন্দকার মারুফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৯ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। এতে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ মর্যাদা অর্জন করেছে। আজকে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তিনি (পররাষ্ট্রমন্ত্রী) সভাপতি পদে অধিষ্ঠিত হওয়ায় দেশের জন্য নতুন গৌরব ও সম্মানের দ্বার উন্মোচিত হয়েছে। এই দু'টি অর্জনই প্রমাণ করে যে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আত্মবিশ্বাস, মর্যাদা ও সম্মানের সঙ্গে বাংলাদেশ নিজের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয় এবং বিশ্বসভায় মাথা উঁচু করে এগিয়ে যেতে পারে।
ড.খন্দকার মারুফ বলেন, ২০২৬-এর অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পেয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে। ফ্যাসিস্ট হাসিনার জুলুম নিপীড়নের অন্যতম শিকার নন্দিত নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হয়েছেন।
ফ্যাসিবাদের রেখে যাওয়া ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে তারেক রহমান উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করছেন। ইনশাআল্লাহ তাঁর হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। প্রধানমন্ত্রী গত ১০০ দিনে রাষ্ট্রের প্রচুরসংখ্যক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের মনে আশার আলো জাগিয়েছেন। সকল মহলে তিনি প্রশংসিত হচ্ছেন। জনগণ আশাবাদী হয়ে উঠেছে।
ড.খন্দকার মারুফ বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত প্রাণকর্মী হয়ে রাজনীতি করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া,সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. মোসলেম উদ্দিন প্রমুখ।