মো. নাহিদ প্রধান, নরসিংদী
প্রকাশ : ১৫ জুন ২০২৬ বিকাল ০৫:০৪:২০
নরসিংদীতে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) মোছা. নাদিরা আখতার। প্রশিক্ষণে উপজেলা রিসোর্স টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির মাধ্যমে এটি স্থানীয় পর্যায়ে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধি গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়তা করবে।”
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক মোছা. নাদিরা আখতার বলেন, “গ্রাম আদালত বিষয়ে জনগণের আস্থা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। মাঠপর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করবেন বলে আমরা আশা করি।”
তিনি আরও বলেন, “অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও শক্তিশালী করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ কার্যক্রম সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়া সম্পর্কে হালনাগাদ ধারণা প্রদান এবং মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণ ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে প্রকল্পটি পরিচালিত হচ্ছে।
নরসিংদী জেলা গ্রাম আদালত প্রকল্পের ম্যানেজার আহসানুল হক মিটন জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের জন্য সহজ, দ্রুত ও সাশ্রয়ী বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার অফিসার ইনচার্জ, ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড কর্মকর্তা, যুব উন্নয়ন, সমাজসেবা ও মহিলা বিষয়ক দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।