আলকামা সিকদার, মধুপুর (টাঙ্গাইল)
প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৮:৫৭
মধুপুরে খাল খনন প্রকল্পের উদ্বোধন
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সরকারের খাল খনন কর্মসূচির আওতায় একটি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সেচ সুবিধা বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্য নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০২৫-২০৩০ মেয়াদে দেশের ৬৪ জেলায় প্রায় ৭ হাজার কিলোমিটার খাল খনন, পুনঃখনন ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় চলতি অর্থবছরে প্রায় ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এরই অংশ হিসেবে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের রক্তিপাড়া এলাকায় কুচিয়া খাল খনন কাজের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এবং আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম বাবুলসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা রক্তিপাড়া এলাকার ৯৬০ মিটার দৈর্ঘ্যের কুচিয়া খালের খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে।