নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৬ সকাল ১১:০৯:৪২
কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনের ছাদ থেকে মজমুল হক (১৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১জুন) রাত ১০টার দিকে উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মজমুল হক রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার নরসিংহ মধ্যপাড়া গ্রামের হাচেন আলীর ছেলে।
পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদে আসার সময় কোন রেল ব্রিজের সাথে বাড়ি খেয়ে তার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।