ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩১
রামপালে ফল মেলা-২০২৬ উদ্বোধন
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রামপালের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান শাহীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুকান্ত বাবু এবং রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষের বিকল্প নেই। ফল উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ও সম্ভব।
বক্তারা আরও বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে দেশীয় ফলের উৎপাদন বাড়ানো প্রয়োজন। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে উৎসাহিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। পাশাপাশি ফল সংরক্ষণ ও বাজারজাতকরণে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। এ সময় কৃষকদের ফল চাষ সম্প্রসারণ ও সংরক্ষণ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান, ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি সচেতনতা সৃষ্টি এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলাটি কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।