কামাল হোসেন নয়ন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৬:৫৭:৫৩
চৌদ্দগ্রামে সিএনজি চালক হত্যা মামলায় তিনজন আটক
আটককৃতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঘোষতল পূর্বপাড়া নতুন বাড়ির নজির আহম্মেদের ছেলে নুরুল আমিন পানসি (২৫), একই ইউনিয়নের ঘোষতল খন্দকার বাড়ির আফতাব উদ্দিন খন্দকারের ছেলে তাহমিদ আহমেদ খন্দকার প্রান্ত (২৮) এবং জগন্নাথদিঘী ইউনিয়নের গাংরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হালিমের ছেলে মো. জসীম উদ্দিন (৫৯)।
পুলিশ সূত্রে জানা যায়, হৃদয় হত্যা ঘটনায় দায়ের করা মামলার (মামলা নং-২৩, তারিখ: ১১ জুন ২০২৬) এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩২৩/৩০২/১০৯ ধারায় রুজু করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (১০ জুন) রাতে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজার এলাকায় সিএনজি চালক হৃদয়ের ওপর হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবারের অভিযোগ, কিশোর গ্যাংয়ের হামলায় হৃদয়ের মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “হৃদয় হত্যা মামলায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”