রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ রাত ০৮:২১:১৯
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার, রাঙ্গাবালীতে পাঁচ ট্রলার মালিককে জরিমানা
সমুদ্রে মাছ আহরণে সরকার ঘোষিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে এবং সামুদ্রিক নৌযানের প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পাঁচ ট্রলার মালিককে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাঙ্গাবালীর সাগর মোহনায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী। এতে উপজেলা মৎস্য দপ্তর রাঙ্গাবালী এবং বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের রাঙ্গাবালী আউটপোস্টের সদস্যরা অংশ নেন।
অভিযান চলাকালে প্রায় ৬০ কেজি পোয়া ও ডান্ডি মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা। পরে গহিনখালী লঞ্চঘাটে বিভিন্ন এতিমখানার মাঝে মাছগুলো বিনামূল্যে বিতরণ করা হয়।
এছাড়া অভিযানের সময় চারটি বরফকল পরিদর্শন করা হয়। পরিদর্শনে সেগুলো বন্ধ পাওয়া যায়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অনুযায়ী মাছের প্রজনন ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত সমুদ্রে সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ রয়েছে। প্রতিবছরই এ সময়সীমায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা কার্যকরে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।