নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৬:০৭
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের চুক্তি সই
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশ-এর অডিটোরিয়ামে এ চুক্তি সই হয়।
চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে। ব্যবহারকারীদের কাছ থেকে মাশুলও আদায় করবে প্রতিষ্ঠানটি।
এদিকে এ চুক্তির বিরোধিতা করে এদিন দুপুরে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে অবস্থান নেয় বেশ কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠন। তাদের মধ্যে আছে-বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্রজোট, গণতান্ত্রিক অধিকার কমিটি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার প্রক্রিয়া গতি পেয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হলো।