খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০২৬ রাত ০৯:৩৬:৩৮
নবীনগরে রাতের আঁধারে গুলির পর যুবক নিখোঁজ, অপহরণের অভিযোগ
রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রিফাত আহমেদ উপজেলার থোল্লাকান্দি গ্রামের মৃত মোস্তাক আহমেদের ছেলে। এ ঘটনায় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় দুর্বৃত্তরা রিফাতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তবে তিনি অপহরণের শিকার হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রিফাতের পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে গুলি করে তুলে নিয়ে গেছে।
এলাকাবাসী জানান, এর আগে মনেক ডাকাতের ছেলে ও এক হোটেল কর্মচারী নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামিদের মধ্যে রিফাতও ছিলেন। ওই ঘটনার জের ধরে হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে মনেক ডাকাতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রিফাতের বোন জামাই শাহাদাত হোসেন সোহাগ বলেন, “রিফাতের সঙ্গে মনেক ডাকাতের বিরোধ ছিল। ঘটনার রাতে তাকে গুলি করার পর নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা তাকে দ্রুত উদ্ধারের দাবি জানাই।”
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কে বা কারা গুলি করেছে এবং অপহরণের অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”