পাবেল হাসান, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ বিকাল ০৩:৫৯:৫৭
দিরাই পৌর শহরে সড়কের মাঝে দুই বৈদ্যুতিক খুঁটি: চরম ভোগান্তিতে রোগী ও এলাকাবাসী
জানা গেছে, একসময় সড়কটি সরু থাকলেও পরবর্তীতে এটি সম্প্রসারণ করা হয়। বর্তমানে কুসুমবাগসহ আশপাশের আবাসিক এলাকার বাসিন্দা, রোগী ও সাধারণ পথচারীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে দিরাই সরকারি হাসপাতাল এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে শত শত রোগী যাতায়াত করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার মাঝামাঝি অবস্থানে থাকা বৈদ্যুতিক খুঁটি দুটির কারণে রিকশা, অটোরিকশা, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে রোগীবাহী যানবাহন চলাচলের সময় সমস্যার সম্মুখীন হতে হয়। সরু সড়কে খুঁটি দুটির কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এবং অনেক সময় দীর্ঘ যানজটেরও সৃষ্টি হচ্ছে।
এলাকাবাসীর ভাষ্য, “আগে রাস্তাটি ছোট ছিল। কিন্তু এখন এটি একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য রোগী এই রাস্তা দিয়ে হাসপাতালে যাতায়াত করেন। খুঁটি দুটির কারণে যানবাহন ঠিকভাবে চলাচল করতে পারে না, মোড় নিতেও সমস্যায় পড়ে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনস্বার্থে দ্রুত খুঁটি দুটি অপসারণ করা প্রয়োজন।”
ভুক্তভোগী এলাকাবাসী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সড়ক থেকে খুঁটি দুটি সরিয়ে নেওয়ার জন্য তারা বিদ্যুৎ বিভাগ, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, জননিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত খুঁটি দুটি অপসারণ করে সড়কটিকে ঝুঁকিমুক্ত করা হোক।