লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৭ জুন ২০২৬ রাত ০৮:২০:০৬
মসজিদের মাইক চুরির প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন
রবিবার (৭ জুন) দুপুরে মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদের মুসল্লি, ইমাম, মোয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠানও চোরদের হাত থেকে নিরাপদ নয়। সম্প্রতি কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা আরও বলেন, বিভিন্ন এলাকায় মসজিদের মাইক, বৈদ্যুতিক মোটর, দানবাক্সের টাকা ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনা নিয়মিত ঘটছে। এসব অপরাধ দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় এলাকাবাসী চুরি ও ডাকাতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে এলাকায় নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে।