রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৫২:৩২
বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই: ভিপি সাইফুল ইসলাম
বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, আগামী ৯ এপ্রিল জাতীয় সংসদের উপ-নির্বাচনে তারেক রহমান মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা-কে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ১৭ বছর বঞ্চিত বগুড়াবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ দিতে হবে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের ১ নম্বর ওয়ার্ডের সুলতানগঞ্জ পাড়া সরদারপাড়া এলাকায় প্রচারণা শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি সাইফুল ইসলাম বলেন, বগুড়ার মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে কাঙ্ক্ষিত উন্নয়নের সেবা থেকে বঞ্চিত রয়েছেন।
তিনি আরও বলেন, রেজাউল করিম বাদশাকে বিজয়ী করে উন্নয়নের সুযোগ কাজে লাগাতে হবে। ইতোমধ্যে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।
ভিপি সাইফুল ইসলাম বলেন, বগুড়ার মানুষের পাশে বিএনপি সবসময় ছিল এবং থাকবে। তাই ৯ এপ্রিলের ভোটে বিপুল ভোটে রেজাউল করিম বাদশাকে বিজয়ী করে বগুড়ার উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।