শাহপরান, ব্রাহ্মণবাড়িয়া, কসবা আখাউড়া প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ সকাল ১১:০৫:৪৬
সৌদি ফেরত যুবকের স্বপ্নভঙ্গ, বন্ধুর ছুরিকাঘাতে নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (রাত) রাত প্রায় ১০ টায় মিনিটে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আনোয়ার হোসেন (২২) উপজেলার রানিয়ারা বিঞ্চুপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে। অভিযুক্ত সাব্বির হোসেন একই এলাকার আলমগীর হোসেনের ছেলে। স্থানীয়দের দাবি, আনোয়ার ও সাব্বির দীর্ঘদিনের বন্ধু ও ঘনিষ্ঠ পরিচিত ছিলেন।
নিহতের বাবা গিয়াস উদ্দিন চৌধুরী জানান, বৃহস্পতিবার এশার নামাজের সময় একটি সেলুনে এক যুবককে মারধরের ঘটনায় তার ছেলে আনোয়ার প্রতিবাদ করেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সাব্বিরের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাতে পরিকল্পিতভাবে আনোয়ারকে একটি অটোরিকশা থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সৌদি আরব থেকে দেশে ফিরে সে একটি খামার গড়ে তোলার স্বপ্ন দেখছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেশকাতুজ্জয়ামান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই আনোয়ারের মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।