মোঃ তামিম মোল্লা, কাশিয়ানী উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬ দুপুর ০১:৩৬:১৭
গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় ৪ যানবাহনের ভয়াবহ সংঘর্ষ: পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত, আহত ৩
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে বাসের উল্টো পথে বিপজ্জনক মোড় নেওয়ার জেরে এক ভয়াবহ চতুর্মুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। চার যানবাহনের এই ধারাবাহিক ধাক্কায় দোলা পরিবহনের বাসের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন শহিদুল ইসলাম (৩৫) নামে এক ইঞ্জিনচালিত ভ্যানচালক। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'ইমাদ পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড় এলাকায় পৌঁছে নিয়মবহির্ভূতভাবে উল্টো পথে মোড় ঘুরতে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় কাভার্ডভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা 'দোলা পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসকে আঘাত করে এবং দোলা পরিবহন গিয়ে আছড়ে পড়ে পাশে থাকা একটি লোকাল বাসের ওপর।
ঠিক সেই মুহূর্তেই সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভ্যানটি দোলা পরিবহনের বাসের নিচে চাপা পড়ে। এতে ভ্যানচালক শহিদুল ইসলাম বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ রাজিব জানান, দুর্ঘটনাটির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। যেহেতু ঘটনাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই ঘটনার বিস্তারিত কারণ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানা যাবে।