কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫৩:৩১
আখাউড়ায় ২ কোটি ৫৯ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) সূত্রে জানা যায়, মহাপরিচালকের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ দেবগ্রাম এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রেস রিলিজ করে ৫ এপ্রিল ২০২৬ সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর নির্দেশনা ও পরিকল্পনায় পরিচালিত এই অভিযানে ২,৭১৬ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ২,৫৯,৭৭,০০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।