বাবুল আকতার, ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৯:১৩:৫৪
ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত
বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপণ ও নিরাপত্তা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র ঈশ্বরদী জিএমডির আওতাধীন ভাঙ্গুড়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে আয়োজিত এ মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ ফায়ার ফাইটাররা অংশগ্রহণ করেন। উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরাও এতে অংশ নেন।
মহড়ায় ইলেকট্রিক ফায়ার (ই-ক্লাস), ট্রান্সফরমার অয়েল ফায়ার এবং গ্যাসজনিত অগ্নিকাণ্ডের কারণ, বৈশিষ্ট্য ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আগুন লাগার সঙ্গে সঙ্গে মেইন ব্রেকার বন্ধ করা, অ্যালার্ম বাজানো, নিরাপদ স্থানে সরে যাওয়া এবং দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় উপকেন্দ্রের ভেতরে কৃত্রিম অগ্নিকাণ্ড সৃষ্টি করে বাস্তবধর্মী মহড়া পরিচালনা করা হয়। কর্মীদের ফায়ার হোস ও ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। এছাড়া ফায়ার স্যুট, হ্যান্ড গ্লাভস, সেফটি বুট ও মাস্কসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহার সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়ায় অংশগ্রহণকারীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে প্রতিটি ধাপ অনুসরণ করেন। মক ড্রিলে কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত ও সমন্বিত সাড়াদান সন্তোষজনক বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের কর্মীরা উপকেন্দ্রের অগ্নি নির্বাপণ সরঞ্জাম ও জরুরি নির্গমন পথ পরিদর্শন করে প্রয়োজনীয় কিছু পরামর্শও প্রদান করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এ ধরনের মহড়ার মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও উন্নত হবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ ও মহড়া অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।