শিবির নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দাউদকান্দিতে পৃথক প্রতিবাদ সভা মিছিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৬ রাত ১১:০০:৩৪
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে শিবির নেতাকে নিয়ে জামায়াতের অপহরণ নাটক: দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি
প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ যখন দ্রুত উন্নত ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তখন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জামায়াতে ইসলামী ষড়যন্ত্রমূলকভাবে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধানের অপহরণ নাটক সাজিয়েছে বলে মতামত ব্যক্ত করেছেন দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি'র নেতৃবৃন্দ।
শনিবার (১৩ জুন) শিবির নেতা জিসান মিয়ার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি ও জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে দাউদকান্দি উপজেলার শহীদনগর এম.এ জলিল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি এবং দাউদকান্দি পৌর সদরে পৌর বিএনপির বিক্ষোভ মিছিলপূর্ব পৃথক প্রতিবাদ সভাগুলোতে বক্তব্যে সিনিয়র নেতারা এইসব কথা বলেন।
শহীদনগরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম বলেন, বানোয়াট নিখোঁজের পরদিন শিবির নেতাকে লাকসাম থেকে পুলিশ উদ্ধার করেছে। শিবির নেতা জিসান মিয়া প্রধানের (২৮) বিরুদ্ধে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক বিধবা দুই সন্তানের মা'কে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত ঘটিয়ে ভ্রূণ নষ্ট করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। নারীঘটিত জঘন্য কেলেঙ্কারিতে জড়িত থাকার এই দায় থেকে বাঁচতে শিবির নেতা জিসান মিয়া মূলত: স্বেচ্ছায় গা ঢাকা দিয়েছে। স্বেচ্ছায় পালিয়ে বেড়ানোর ঘটনাকে অপহরণ হিসাবে 'জামায়াতের অপপ্রচার, সুস্থ ধারার রাজনীতির পরিপন্থী'। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিপ্রায়ে তারা ষড়যন্ত্রমূলক এই অপহরণ নাটক সাজিয়েছে। জামায়াতের দুরভিসন্ধিমূলক রাজনৈতিক অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শিবির নেতা জিসান মিয়ার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি।
বিএনপি'র সিনিয়র নেতারা বলেন, অপহরণ নাটকের অভিনেতা শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান দাউদকান্দি উপজেলার বীরবাগ গোয়ালী গ্রামের বাসিন্দা। তাঁর এই অপকর্মের কারণে এলাকার সর্বস্তরের মানুষ তীব্র ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করছে। জিসানের কঠোর শাস্তির দাবি করছেন।
দাউদকান্দি সদরে মিছিলপূর্ব প্রতিবাদ সভায় পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে নিরলসভাবে কাজ করছেন। ফ্যাসিস্ট হাসিনার রেখে যাওয়া ধ্বংসস্তুপ থেকে দেশকে দ্রুতই উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে। ছলচাতুরী আর মিথ্যা নাটক সাজিয়ে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে এবং সুনাম নষ্ট করতে জামায়াতে ইসলামী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জিসানকে কেউ অপহরণ করেনি, তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। আমরা এই অপহরণ নাটকের তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
শহীদনগরে দাউদকান্দি উপজেলা বিএনপির প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার,এনামুল হক সফর তালুকদার,বিএনপি নেতা আরিফ মাহামুদ, সালাহউদ্দিন ভুইয়া, দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহবায়ক আসিফ কবির,দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল বাসেদ, সদস্য সচিব রিমন খন্দকার এবং দাউদকান্দি পৌর বিএনপির প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, আয়োজক সংগঠনের সদস্য সচিব কাউসার আলম সরকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব মো.রোমান খন্দকার, যুবদল নেতা আসাদুজ্জামান লিমন, শ্রমিক দল নেতা মজিবুর রহমান ও জামাল হোসেন প্রমুখ।
এদিকে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জামায়াতের ষড়যন্ত্রের প্রতিবাদে দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈইয়ারে বিএনপি ও ছাত্রদল, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এবং ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল বের করেছে।