কামাল হোসেন নয়ন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ জুন ২০২৬ রাত ১২:০০:১৪
চৌদ্দগ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। সাবেক ইউপি সদস্য ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিবেক দেবনাথ এবং নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম পুতুল।
ব্যবসায়ী হেলাল উদ্দিন ও স্বেচ্ছাসেবী শাকিল হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণ্যমান্য ব্যক্তিদের পক্ষে মো. মাসুম, নবগ্রাম প্রবাসী কল্যাণ সংস্থার সভাপতি সোহেল মজুমদার, কুয়েত প্রবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, আবুল হাসেম ও রিয়াজ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আবুল কাশেম, ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আবুল খায়ের, মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না, বরং পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপের পাশাপাশি মাদক থেকে দূরে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মাদক প্রতিরোধে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সভায় জানানো হয়, গত কয়েক মাস ধরে নবগ্রামের যুবসমাজ, প্রবাসী ও সচেতন নাগরিকদের উদ্যোগে এলাকায় মাদকবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এতে এলাকায় মাদকের বিস্তার আগের তুলনায় কমেছে বলে দাবি করেন আয়োজকরা।
তারা বলেন, কিছু স্বার্থান্বেষী মহল এ মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।