বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ রাত ০৮:২৯:৩০
বিরামপুরে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত
দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মউলুদা (৪৫) নামে এক নারী সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দুপুরে বিরামপুর পৌর শহরের মির্জাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। তবে ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
নিহত মউলুদা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিরামপুর থেকে হিলিগামী একটি সিএনজি মির্জাপুর মোড় এলাকায় পৌঁছালে ঘোড়াঘাট থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে সিএনজিতে থাকা মউলুদা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে হাসপাতাল থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।