কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬ রাত ০৯:৫৩:৩৮
নরসিংদী থেকে ডাকাতি হওয়া ৬ ষাঁড় গরু গাজীপুরে উদ্ধার, আটক ২
সোমবার (২৫ মে) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দ্রা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৬ মে) বিকেল ৩টার দিকে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নরসিংদীর শিবপুর থানা এলাকা থেকে একটি পিকআপযোগে ৬টি ষাঁড় গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার খবর পেয়ে জিএমপি কন্ট্রোল রুমে বেতার বার্তা পাঠানো হয়।
এরপর বাসন থানার এসআই নাহিদ আল রেজার নেতৃত্বে চারটি টহল টিম সাঁড়াশি অভিযান পরিচালনা করে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা ফ্লাইওভারের ওপর থেকে দুই ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৬টি ষাঁড় গরু ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পরে শিবপুর থানার এসআই অজয় বালার কাছে আটক দুই ডাকাত, উদ্ধার হওয়া গরু এবং পিকআপটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— ঢাকা জেলার সাভার থানার রাজাশন এলাকার মৃত ফালু মিয়ার ছেলে লাল মিয়া (৩৬) এবং ধামরাই থানার রাজাপুর গ্রামের মৃত সিদ্দিক হাজির ছেলে মোর্শেদ আলী (৩৮)।