চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক এম এ খালেককে আটক করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে তাকে মেহেরপুর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানায়, এম এ খালেক চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন পুলিশ তার পরিচয় ও অন্যান্য তথ্য যাচাইয়ের সময় বিষয়টি জানতে পারে। পরে তাকে আটক করে মেহেরপুর পুলিশকে খবর দেয়া হয়।দর্শনা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন মিয়া বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মেহেরপুর জেলা সাধারণ সম্পাদক মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়েছে।
২১ ঘন্টা আগে
পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশনের মাধ্যমে সফরকারী জাহাজগুলোকে স্বাগত জানায়। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাসহ চীনা নাগরিক এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে সফরকারী জাহাজসমূহ বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ তাদের অভ্যর্থনা জানায়।বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজগুলোর অধিনায়ক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।সফরকালে চীনা নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটি এবং চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও চীনা নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ পাবেন।এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌসদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত দক্ষতা সম্পর্কে সরাসরি পর্যবেক্ষণ এবং মতবিনিময়ের সুযোগ পাবেন। একই সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।শুভেচ্ছা সফর শেষে জাহাজসমূহ আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।
২১ ঘন্টা আগে
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গতকাল বুধবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর থানার টেকেরহাট বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে সিআইডির মানবপাচার ইউনিট। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের রাজৈরের রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) ও গোপালগঞ্জের মুকসুদপুরের আমির হোসেন স্বপন (৩৮)।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে আট বাংলাদেশি মারা যান। পরে সরকারি ব্যবস্থাপনায় তাঁদের মরদেহ দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।সিআইডি জানায়, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র ভুক্তভোগীদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাঁদের পরিবারের কাছ থেকে বিপুল অর্থ নেয়। পরে অবৈধভাবে ইঞ্জিনচালিত ট্রলারে করে লিবিয়া থেকে ইতালি পাঠানোর চেষ্টা করা হলে তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে যায়।সিআইডির তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার রফিকুল ও আমির নিহত ভুক্তভোগী রাসেল শেখের পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং পাচারকারী চক্রের অন্য সদস্যদের কাছে তা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করেন।সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। এ মামলায় এর আগে গুরুদাস বারই (৪৫) ও মো. মোতলেব মাতব্বর (৬৮) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।মামলাটির তদন্ত চলছে। তদন্তে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, পলাতক আসামি, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তের চেষ্টা করছে সিআইডি।
২২ ঘন্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি অভিযান পরিচালনা করে মেলাটি বন্ধ ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিশ্চিন্তপুর বাজারে একটি মহল জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই মেলার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মেলা বন্ধে উদ্যোগ নেওয়া হয়।জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে অনুমোদনের জন্য গেলে তিনি জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে অনুমোদন ছাড়া মেলা পরিচালনা না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের মেলা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।উপজেলা প্রশাসনের অভিযানের পর নিশ্চিন্তপুর বাজারের অনুমোদনহীন মেলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো মেলা পরিচালনা না করার দাবি জানানো হয়েছে।
১ দিন আগে