নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ০৮:১২:৪৪
পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, সড়কের কাজ দ্রুত শুরুর নির্দেশ
পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সড়ক নির্মাণ প্রকল্পগুলো দ্রুত পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রায় অর্ধঘণ্টা আলোচনা করেন। তিনি জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের সামগ্রিক চিত্র সম্পর্কে বিস্তারিত অবহিত হন এবং যেসব প্রকল্প নানা কারণে স্থবির হয়ে আছে, সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পগুলো বৈঠকে গুরুত্ব পায়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিরোজপুরে চলমান ১১টি উন্নয়ন প্রকল্পের মধ্যে ৮টি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এসব প্রকল্প দ্রুত পুনরায় চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার সড়ক নির্মাণ দ্রুত শুরুর দাবি জানান। তিনি প্রস্তাব করেন, চলমান দুর্নীতি মামলার নিষ্পত্তির জন্য অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে রাজস্ব বাজেটের রক্ষণাবেক্ষণ খাত থেকে অর্থ বরাদ্দ দিয়ে কাজ শুরু করা যেতে পারে। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
এছাড়া জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নে একাধিক প্রস্তাব উপস্থাপন করা হয়। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে জনদুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল ইসলাম এবং এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এ নির্দেশনার ফলে পিরোজপুরের স্থগিত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়িত হবে এবং জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন আসবে।