মোঃ শাহপরান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ০৮:১৭:২৫
আখাউড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন, চুল কেটে দেওয়ার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও তার মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (৫ মে) উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দ্বীন ইসলাম দিনু মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বিয়ের পর থেকেই গৃহবধূর কাছে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলেন তার স্বামী ও পরিবারের সদস্যরা। দাবিকৃত টাকা না দেওয়ায় তাকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করা হতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাকে মারধরের পাশাপাশি মাথার চুল কেটে দেওয়া হয়। পরিবারের দাবি, অপমান করার উদ্দেশ্যেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে।
ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
অভিযুক্ত দ্বীন ইসলাম দিনু মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।