চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ০৯:০৬:৪২
ভোলায় ৭ সাংবাদিকের বিরুদ্ধে মামলা
ভোলার চরফ্যাশনে প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিককে “হলুদ সাংবাদিক” ও “চাঁদাবাজ” আখ্যা দেওয়ার প্রতিবাদ এবং সংশ্লিষ্ট কারণ দর্শানোর চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে কেন্দ্র করে ৭ সাংবাদিক ও এক বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি করেছেন বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে দায়ের করা এ মামলাটি আদালত রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ, সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক, সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।
ঘটনাটি জানাজানি হলে চরফ্যাশনের সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় ওঠে।
সাংবাদিকদের অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচিতি সভায় সাংবাদিকদের নিয়ে কটূক্তির প্রতিবাদ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।