মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৫ মে ২০২৬ রাত ০৮:২৮:১১
২০ বছর পর ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড
দীর্ঘ ২০ বছর পর মৌলভীবাজারে একটি ডাকাতি মামলায় ১৩ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৫ মে) মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়ামুল হক জানান, ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৩ আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিলন মিয়া, রাহেল, দুলাল মিয়া, শাহেদ, সেলিম, সাতির ওরফে শাকিল, জুনাব আলী, কামাল, মকরম, নকুল ওরফে সুমন, খোকন, জাকারিয়া ও জামাল। তাদের বাড়ি কুলাউড়া, বড়লেখাসহ জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে।
রায় ঘোষণার সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার কর্মদা গ্রামের বাসিন্দা মো. মারুফ আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০ বছর পর এ রায় ঘোষণা করা হলো।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, একই ঘটনায় ধর্ষণের অভিযোগে পৃথক চার্জশিটের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরেকটি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, এ রায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে। ডাকাতি একটি গুরুতর অপরাধ, যা ব্যক্তি ও সমাজে গভীর প্রভাব ফেলে। দৃষ্টান্তমূলক শাস্তি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এ রায়ের মাধ্যমে বাদী ন্যায়বিচার পেয়েছেন।