নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৩৭:১৪
মালদ্বীপে প্রবাসীদের সমস্যা নিয়ে হাইকমিশনে জামায়াত নায়েবে আমীরের মতবিনিময়
মালদ্বীপের রাজধানী মালেস্থ বাংলাদেশ হাইকমিশনে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা নিয়ে আলোচনা করেন অধ্যাপক মুজিবুর রহমান।
মতবিনিময় সভায় প্রবাসীদের পক্ষ থেকে দেশে টাকা পাঠাতে ব্যাংকিং সমস্যা, প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার সমস্যা, যারা অবৈধ হয়ে গেছে তাদের বৈধকরণ অথবা তারা যাতে সহজে দেশে ফিরতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ, কনস্যুলার সেবা, সিন্ডিকেট ও কর্মসংস্থানসহ বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয়গুলো তুলে ধরা হয়।
অধ্যাপক মুজিবুর রহমান প্রবাসীদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে হাইকমিশন বিষয়গুলো গুরুত্বসহকারে গ্রহণ করে এবং প্রয়োজনীয় উদ্যোগ ও সমাধানের আশ্বাস প্রদান করে।
একই সঙ্গে বিষয়গুলো এমপির পক্ষ থেকে পার্লামেন্টে উত্থাপন করা হবে বলেও তিনি প্রবাসীদের আশ্বাস প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন।