নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ রাত ০৮:২৭:১৮
দক্ষিণ কোরিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে ইপিএস বাংলা পিঠা উৎসব, ছিল নানা আয়োজন
দক্ষিণ কোরিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ইপিএস বাংলা পিঠা উৎসব ২০২৬’। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে প্রবাসের মাটিতে তুলে ধরতে আয়োজিত এ উৎসবে ছিল বাহারি পিঠা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা ধরনের খেলাধুলার আয়োজন।
রোববার (১৫ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বিয়ংজম স্টেশন এলাকায় অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই পিঠা উৎসব।ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার আয়োজনে উৎসবে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে অংশগ্রহণ করেন।
উৎসবে ছিল বাহারি ও রকমারি দেশীয় পিঠার স্টল, মিষ্টিসহ নানা ধরনের সুস্বাদু খাবার এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী মুখরোচক খাবারের আয়োজন। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে নারীদের জন্য বালিশ খেলা ও হাড়িভাঙা, পুরুষদের জন্য বেলুন ফাটানো এবং শিশুদের জন্য বল ছোড়ার খেলাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। প্রতিযোগিতা ও র্যাফেল ড্রয়ের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
আয়োজকদের এ উদ্যোগে বিশেষ স্পন্সর হিসেবে সহযোগিতা করে হানপাস রেমিট্যান্স কোম্পানি। উৎসবের বিভিন্ন আয়োজনে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ।
প্রবাসের ব্যস্ত জীবনে এমন আয়োজন বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও দেশীয় সংস্কৃতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।