নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ রাত ০৯:৪৫:৩১
জন্ম ও মৃত্যু সনদে অদ্ভুত শব্দ, নাগরিক ভোগান্তির প্রতিবাদ ইসলামী যুব আন্দোলনের
জন্ম ও মৃত্যু সনদে নাগরিকদের নাম ও বিভিন্ন তথ্যের জায়গায় ‘লক্জ্ক্’, ‘ক্জ্ক্ল্জ্’, ‘দতককা’, ‘এলজেকেএলজেএফ’সহ অর্থহীন ও অদ্ভুত শব্দ যুক্ত হওয়া এবং এসব ভুল সংশোধন করতে গিয়ে নাগরিকদের চরম ভোগান্তির ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী এ প্রতিবাদ জানান। একই সঙ্গে সরকারি ব্যবস্থার ভুলে সনদে তৈরি হওয়া ত্রুটি বিনামূল্যে ও দ্রুত সংশোধন এবং দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
মুফতী মানসুর আহমদ সাকী বলেন, জন্ম ও মৃত্যু সনদ একজন নাগরিকের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথি। শিক্ষা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, চাকরি ও ব্যাংকিংসহ নাগরিক জীবনের বিভিন্ন ক্ষেত্রে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৫৩ লাখ ২৪ হাজারের বেশি জন্মনিবন্ধন হয়েছে। একই সময়ে প্রায় ৩৫ লাখ জন্মনিবন্ধন সংশোধন করা হয়েছে। গত বছর জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের সংখ্যা ছিল প্রায় ৭৯ লাখ ১৭ হাজার। চলতি বছরের আট মাসে নাম ও ঠিকানা সংশোধনের সরকারি ফি বাবদ নাগরিকদের কাছ থেকে আদায় হয়েছে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা।
তিনি আরও বলেন, এত বিপুলসংখ্যক সংশোধনের বিষয়টি জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার কার্যকারিতা, তথ্য যাচাই এবং নাগরিক সেবার মান নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে সরকারি ব্যবস্থার ভুলের কারণে যেসব নাগরিকের সনদে ভুল বা অদ্ভুত তথ্য যুক্ত হয়েছে, তাদের সংশোধনের জন্য হয়রানি করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
মুফতী মানসুর আহমদ সাকী বলেন, কীভাবে এমন অদ্ভুত ও অর্থহীন শব্দ নাগরিকের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নথিতে যুক্ত হলো, তা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে। সরকারি ভুলে সৃষ্ট সনদের ভুল বিনামূল্যে ও দ্রুত সংশোধন এবং ভুক্তভোগীদের হয়রানি বন্ধ করতে হবে। একই সঙ্গে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থায় তথ্য যাচাই ও জবাবদিহিতা নিশ্চিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।