ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ রাত ০৭:১৫:৫৬
চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসী আটক
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী আটক।
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ডাকাত ও জলদস্যু দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রে অবস্থিত বাণিজ্যিক জাহাজে চুরি ও ডাকাতির কাজে সম্পৃক্ত ডাকাতদের আগ্নেয়াস্ত্র সরবরাহ করার উদ্দেশ্যে ৫/৬ জন সন্ত্রাসী কক্সবাজারের চকরিয়া থানাধীন বদর আওলিয়া ঘাট সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ ৬ অক্টোবর ২০২৬ মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ি ও মহেশখালী এর সমন্বয়ে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ টি দেশীয় একনলা বন্দুক, ১ টি দুই নলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী আক্তার আহমেদ(৭৮), মোঃ তানভীর(২১) ও রুকমদ্দিন(৪২) কক্সবাজার জেলার বাসিন্দা। চক্রটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থেকে স্থানীয় জনগণকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও আটককৃত সন্ত্রাসীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।