নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৯:২০
বেসামরিক স্থাপনায় হামলা হলে ‘আরও ভয়াবহ’ প্রতিশোধ, হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলে তারা ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা প্রতিশোধ নেবে বলে জানিয়েছেন ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ৬ এপ্রিল সোমবার তারা এ সতর্ক করেছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম বার্তায় প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আমবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেন, “আবারও যদি বেসামরিক স্থাপনায় হামলা করা হয়, তাহলে আমাদের পরবর্তী আক্রমণ ও প্রতিশোধমূলক অভিযান হবে আরও বেশি বিধ্বংসী ও ব্যাপক।”
এই হুঁশিয়ারির আগে ইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। হামলার পর তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এই তথ্য জানিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়, শরিফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনে হামলা চালানো হয়েছে। এর ফলে শরিফ এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দেয়।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। তিনি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে তার দাবি মেনে নিয়ে একটি চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানান। এই হুমকির পর ইরানও পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।