নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:১২:৫৮
হাতিরঝিলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে তানজিলা আক্তার নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে হাতিরঝিলে মাই টিভির গলির একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিলা আক্তার বরগুনা জেলার বামনা থানার চেচান গ্রামে আব্দুল হকের মেয়ে।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ বলেন, আমরা খবর পেয়ে ওই নারীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন তিনি। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।