নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ অক্টোবর ২০২৬ সকাল ১১:০৬:০০
বায়ুদূষণে বিশ্বের শহরের তালিকায় শীর্ষে ঢাকা
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থানে করছে ঢাকা। বায়ুমান সূচকে বাংলাদেশের রাজধানীর স্কোর ২৩৪। যা বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে। তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের শহর কলকাতা, যার স্কোর ১৯৮।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ারে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ তথ্য দেখা যায়।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৯১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। ১৮৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় পঞ্চম স্থানে ১৬২ স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা।
আইকিউ এয়ার ইনডেক্স অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
শীতকালে বৃষ্টিপাত না থাকা এবং শুষ্ক আবহাওয়ার কারণে বায়ুদূষণ কয়েক গুণ বেড়ে যায়। ঢাকার বায়ুদূষণের জন্য অপরিকল্পিত রাস্তা খনন ও নির্মাণাধীন ভবন থেকে ওড়া ধুলিকণা ও ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়াকে বিশেষভাবে দায়ী করা হয়।
দীর্ঘদিন ধরে এমন দূষিত বাতাসে নিশ্বাস নেওয়ার ফলে ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, হৃদরোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য এই আবহাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।