নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ এপ্রিল ২০২৬ সকাল ১১:৩৩:১৬
আমিরাতের প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে সংযুক্ত আবর আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যগুলো উঠে এসেছে।
আমিরাতের রাজধানী আবুধাবিতে বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে আনুষ্ঠানিকভাবে এই চিঠিটি হস্তান্তর করেন।
এ ছাড়া গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক বৈঠকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রীর বৈদেশিকবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি ও অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আমিরাতের উপ-প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমরা দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ রক্ষা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৈঠকে আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, ওমানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটির সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠিটি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
এ ছাড়া গত ৩০ মার্চ কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বরাবর একটি সংহতিপত্র হস্তান্তর করেন উপদেষ্টা হুমায়ূন কবির।
চিঠিতে উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে কাতারের নেতৃত্ব, সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ব্যক্ত করেন তারকে রহমান।