নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১০:৫৩:৫৯
স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী পালিত, স্মৃতিকথার বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মাদানী এভিনিউয়ে এসএফবিএল অ্যারেনায় স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে তার জীবন, কর্ম ও মূল্যবোধ নিয়ে সংকলিত স্মৃতিকথার বই ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী মূল বক্তব্য দেন। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন স্কয়ার ফ্যাশনস লিমিটেডের পরিচালক সানচিয়া চৌধুরী। অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।
বইটিতে স্যামসন এইচ. চৌধুরীর সান্নিধ্যে আসা বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী নেতা ও পরিবারের ঘনিষ্ঠজনদের স্মৃতিচারণ ও অভিজ্ঞতা স্থান পেয়েছে।
অনুষ্ঠানে তার জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত প্রামাণ্যচিত্র ‘Samson: Through a Son's Lens’-এর একটি সংক্ষিপ্ত অংশও প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, স্যামসন এইচ. চৌধুরী ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের জন্যও সমানভাবে স্মরণীয়। তার আদর্শ অনুসরণ করে অনিতা-স্যামসন ফাউন্ডেশন ও স্কয়ার পরিবার বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এসব উদ্যোগের মধ্যে রয়েছে দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে’, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা সহায়তা, পোশাকশ্রমিকদের জন্য বিনামূল্যে চক্ষু শিবির, কলসিন্দুরের নারী ফুটবলারদের সহায়তা এবং পাবনায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প।