ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪৮:৪৭
পাঁচ দিন ধরে বিকল অ্যাম্বুলেন্স, জনবল সংকটসহ নানা সমস্যায় জর্জরিত ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্স গত পাঁচ দিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় রোগীরা। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটিতে রয়েছে জনবল সংকটও। সব মিলিয়ে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন ধোবাউড়াবাসী।
রোগী ও স্বজনদের জানান, হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হৃদরোগ, প্রসূতি ও স্ট্রোকের রোগীর উন্নত চিকিৎসার জন্য সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি বিকল থাকায় জরুরি রোগীদের ময়মনসিংহ নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে হৃদরোগ, প্রসূতি ও স্ট্রোকজনিত রোগীদের দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন হলেও সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বজনরা।
রোগীর স্বজনেরা জানান, জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে প্রায় দুই ঘণ্টা, কখনও কখনও আরও বেশি সময় লাগে। এতে রোগীর অবস্থা নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে পড়তে হয় তাদেরকে। পাশাপাশি জনবল সংকটে সেবা নিয়ে রয়েছে নানান অভিযোগও রয়েছে।
অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও প্রমিত পাল বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি দ্রুত মেরামত করে পুনরায় সেবা চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা।