নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ রাত ০৭:৪২:০৬
ডাচেস অফ এডিনবরার উপস্থিতিতে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর উদযাপন
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে নিজেদের কার্যক্রমের ৭৫ বছর পূর্তি উদযাপন করেছে ব্রিটিশ কাউন্সিল। এ উপলক্ষে ঢাকায় সংস্থাটির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৫১ সালে ঢাকায় প্রথম কার্যালয় চালুর পর থেকে শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, শিল্প ও সংস্কৃতির প্রসারে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের কাজের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানে। পাশাপাশি সংস্থাটির বিভিন্ন কর্মসূচি ও অংশীদারিত্বের সঙ্গে যুক্ত তরুণদের কাজ ও অভিজ্ঞতার কথাও উঠে আসে।
শিক্ষা, সৃজনশীলতা ও আন্তর্জাতিক অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের ভূমিকার সঙ্গে যুক্ত সাবেক শিক্ষার্থী, চেঞ্জমেকার, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিবর্গ ও অংশীদারেরা এ আয়োজনে অংশ নেন।
এবারের আয়োজনে বিশেষ মাত্রা যুক্ত হয় হার রয়্যাল হাইনেস সোফি, ডাচেস অব এডিনবরা উপস্থিতিতে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘমেয়াদি শিক্ষা ও সাংস্কৃতিক বন্ধনকে স্বীকৃতি জানাতে তিনি এ উদযাপনে যোগ দেন।
সফরকালে নারী ক্ষমতায়ন, ‘গ্রীন অন্ট্রেপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম ও আন্তর্জাতিক শিক্ষা নিয়ে কাজ করা তরুণদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তাঁদের উদ্যোগ, কাজ ও অভিজ্ঞতার কথা শোনেন ডাচেস।
এ সময় ডাচেস অব এডিনবরাকে ব্রিটিশ কাউন্সিলের ‘ইয়াং লার্নার আর্ট কম্পিটিশন’-এর এক বিজয়ীর আঁকা চিত্রকর্ম উপহার দেওয়া হয়। আন্তর্জাতিক ‘শু বিং স্পেস আর্ট রেসিডেন্সি কম্পিটিশন ২০২৬–২৭’-এর সঙ্গে যুক্ত এ প্রতিযোগিতায় তরুণ শিক্ষার্থীদের পৃথিবীর বাইরের জগতে শিল্পের সম্ভাবনা নিয়ে ভাবতে উৎসাহিত করা হয়।
সৃজনশীলতা, বিজ্ঞান ও মহাকাশের সমন্বয়ে আরও সংযুক্ত ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ কেমন হতে পারে, সে বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরার সুযোগ পান তাঁরা।
১৯৫১ সালে বাংলাদেশে কার্যক্রম শুরুর পর থেকে শিক্ষা গ্রহণের সুযোগ বাড়ানো, ইংরেজি ভাষা শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক বিনিময়ে দেশের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। সংস্থাটির কর্মসূচি ও অংশীদারিত্বের মাধ্যমে দেশের বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থী, শিক্ষক, শিল্পী, উদ্যোক্তা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যুক্ত হয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্রিটিশ কাউন্সিলের কাজের তিনটি দিক তুলে ধরা হয়। এগুলো হলো তরুণদের ক্ষমতায়ন, সংস্কৃতি ও সৃজনশীল কার্যক্রমে সহায়তা এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্র বিস্তৃত করা। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রীন অন্ট্রেপ্রেনিউরশিপ’ বা সবুজ উদ্যোক্তা কার্যক্রম, ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ (ওয়াও) এবং আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি কার্যক্রমের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারী ও সাবেক শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসব কর্মসূচি তাঁদের কাজের ধরন কীভাবে বদলে দিয়েছে এবং বাংলাদেশের বাইরেও যোগাযোগ ও কাজের সুযোগ তৈরি করেছে, সে কথাও জানান তাঁরা।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “শিক্ষা, ইংরেজি ভাষা ও শিল্পের মাধ্যমে মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে গত ৭৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। সময়ের সঙ্গে দেশের চাহিদা ও মানুষের প্রত্যাশা বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের কাজের ধরনও বদলাতে হবে। আমরা চাই, তরুণেরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করুক এবং আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগের সুযোগ পাক। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ককে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “ব্রিটিশ কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দীর্ঘদিনের। আমরা প্রতিবেশী প্রতিষ্ঠান হিসেবে রয়েছি দীর্ঘদিন ধরে। কিন্তু সময়ের সঙ্গে শুধুমাত্র সে পরিচয় ছাপিয়ে শিক্ষা, সংস্কৃতি, মতবিনিময় ও আন্তর্জাতিক যোগাযোগের নানা ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছি। সামনে আমাদের তরুণেরা এমন সব সুযোগ ও চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যা আগের প্রজন্মের কাছে ছিল কল্পনার বাইরে। এসবের সঙ্গে খাপ খাইয়ে নিতে তাদের নতুন দক্ষতা, বিশ্ব সম্পর্কে বিস্তৃত ধারণা, ডিজিটাল জ্ঞান, সৃজনশীলতা ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা দরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় জ্ঞান, যোগাযোগ ও সুযোগ নিশ্চিত করতে ব্রিটিশ কাউন্সিলের মতো প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে একসাথে কাজ করতে হবে।”
বাংলাদেশে ৭৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। কয়েক দশক ধরে সংস্থাটির কাজকে এগিয়ে নেওয়া ব্যক্তি ও অংশীদারদের অবদানও এতে তুলে ধরা হয়।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক শিক্ষা ও দীর্ঘস্থায়ী যোগাযোগ তৈরিতে ইংরেজি ভাষা শিক্ষা, শিক্ষা, শিল্প ও সংস্কৃতি নিয়ে কাজ অব্যাহত রাখবে ব্রিটিশ কাউন্সিল।