নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:০১:২৫
পিজি হাসপাতালে চ্যানেল এস-এর সাংবাদিক সোহেল রানার ওপর হামলা, সংবাদ প্রকাশ করলে প্রাণনাশের হুমকি
রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসের স্টাফ রিপোর্টার সোহেল রানা শুভর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধরের পাশাপাশি এ ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ বিষয়ে রাজধানীর কলাবাগান থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৩৬ মিনিটে হাসপাতালের ব্লক এ ও বি-এর মাঝামাঝি অবস্থিত বটতলায় এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক সোহেল রানা শুভ জানান, সকালে তিনি তার সহকর্মী ও আরেক সাংবাদিক এস এম রিয়েল রোমানের জন্য হাসপাতালের বটতলায় অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে এসে আশপাশে বসে থাকা সাধারণ মানুষের পরিচয় জানতে চায় এবং মোবাইল ফোনে তাদের ছবি ধারণ করতে থাকে। একপর্যায়ে ওই ব্যক্তিরা শুভর দিকে এগিয়ে এসে জোরপূর্বক তার ছবি তোলার চেষ্টা করে।
এ সময় ছবি তোলার কারণ জানতে চাইলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরিচয় জানতে চায়। পরে শুভ নিজের সাংবাদিক পরিচয় দিয়ে প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র দেখান। অভিযুক্ত ব্যক্তিরা তার পরিচয়পত্রের ছবি নিজেদের মোবাইল ফোনে তুলে নেয় এবং তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে।
শুভ জানান, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলার অনুরোধ জানালে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তিনি উঠে দাঁড়ালে ৭ থেকে ৮ জন ব্যক্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি ও চড় মারতে শুরু করে।
হামলার শিকার হয়ে সোহেল রানা শুভ হাসপাতালের প্রধান গেটে দায়িত্বরত আনসার সদস্যদের কাছে গিয়ে সহযোগিতা চান। পরে আতিয়ার নামের একজন আনসার সদস্যকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে গেলে হামলাকারীরা ওই আনসার সদস্যকেও সেখান থেকে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে। একপর্যায়ে তারা হইচই শুরু করলে পরিস্থিতি সামাল দিতে না পেরে আনসার সদস্য ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন শুভ।
আনসার সদস্য চলে যাওয়ার পর হামলাকারীরা আবারও তার ওপর চড়াও হয় এবং মারধর করে। এ সময় তারা চিৎকার করে হুমকি দিয়ে বলে, এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি কিংবা সংবাদ প্রকাশ করলে তাকে প্রাণে মেরে ফেলা হবে।
ঘটনার পর নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে সোহেল রানা শুভ দ্রুত নিকটস্থ কলাবাগান থানায় যান। সেখানে ডিউটি অফিসারের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেন।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা এবং সংবাদ প্রকাশে প্রাণনাশের হুমকির ঘটনায় সহকর্মী সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।