আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩০:৫৩
রেকর্ড গড়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন
তিন মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য সংশোধন বা পতন দেখা গেছে। টানা কয়েক দিনের টানা মূল্যবৃদ্ধির পর মুনাফা তোলার প্রবণতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন অর্থনৈতিক তথ্যের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের বাজার কিছুটা স্তিমিত হয়েছে। খবর রয়টার্সের।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৪০.৩৯ ডলারে লেনদেন হয়। তবে মার্কিন বাজারে স্বর্ণের ফিউচার প্রাইস প্রতি আউন্স ৪ হাজার ৬৯৬ ডলারে স্থিতিশীল রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদী বন্ড ও নোটের তারল্য সহায়তার পরিমাণ দ্বিগুণ করার ঘোষণার পর থেকে ডলারে অবমূল্যায়নের আতঙ্ক শুরু হয়। যা গত সপ্তাহে স্বর্ণের বাজারকে বেশ চাঙ্গা করেছিল। বিশ্লেষকরা ধারণা করছেন, সাময়িক পতন ঘটলেও নিকট ভবিষ্যতে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৯০০ থেকে ৫ হাজার ডলার স্পর্শ করতে পারে।
অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুর বাজারেও মন্দাভাব দেখা গেছে। স্পট সিলভার বা রূপার দাম ১.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮.০১ ডলারে নেমেছে। এছাড়া প্ল্যাটিনামের দাম ১.২ শতাংশ কমে ১ হাজার ৮৫৩.৮৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ শতাংশ কমে ১ হাজার ৩৪৫.২৬ ডলারে দাঁড়িয়েছে।