রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬ রাত ০৯:১২:২৭
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায় পণ্য মেলার আয়োজন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ, বগুড়ার যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান এবং বগুড়া সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করতে উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং দেশীয় পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সমবায় পণ্য মেলায় বিভিন্ন উদ্যোক্তা তাঁদের উৎপাদিত দেশীয় পণ্য প্রদর্শন করেন। উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলা তাঁদের পণ্যের পরিচিতি বাড়ানো, মান তুলে ধরা এবং নতুন ক্রেতার কাছে পৌঁছানোর সুযোগ তৈরি করে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটির কর্মসূচিতে সমবায়ের সম্ভাবনা ও অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।