মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ রাত ০৯:০৫:১০
পুলিশি হয়রানির অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ
মতলব উত্তরে সিএনজিচালিত অটোরিকশার ওপর পুলিশের ‘হয়রানিমূলক’ মামলা প্রদান, আইনি কাগজপত্র নবায়নের সুযোগ না দেওয়া এবং বিভিন্ন ডিউটিতে গাড়ি ব্যবহারের পর প্রাপ্য ভাড়া না দেওয়ার অভিযোগে কর্মবিরতি পালন করছেন স্থানীয় সিএনজি চালক ও মালিক সমিতি।
রোববার (২৩ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন রুটে যানবাহন চলাচল বন্ধ রেখে চালক ও মালিকরা এই প্রতিবাদ জানান।
অটোরিকশা চালক সিরাজ মিয়া বলেন, সরকারি বা প্রশাসনিক জরুরি ডিউটির কথা বলে পুলিশ প্রায়ই সিএনজি অটোরিকশা নিয়ে যায়, কিন্তু ডিউটি শেষে চালকদের কোনো ভাড়া বা জ্বালানি খরচ প্রদান করা হয় না।
চালক মানিক মিয়া বলেন, অনটেস্ট গাড়িগুলোর কাগজপত্র করার কোন সুযোগ দিচ্ছে না সরকার। চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও ট্রাফিক ও থানা পুলিশ অন্যায়ভাবে মামলা দিচ্ছে। কোনো কারণে গাড়ির কাগজপত্র জব্দ বা কনটেস্ট করা হলে সেগুলো সঠিক প্রক্রিয়ায় রিনিউ বা ছাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সময় ও সুযোগ দেওয়া হচ্ছে না।
মালিক সমিতির সভাপতি আব্দুল আউয়াল ফরাজী জানান, আমরা নিয়ম মেনে সড়ক গাড়ি চালাতে চাই। কিন্তু বৈধ কাগজপত্র ও লাইসেন্স থাকা সত্ত্বেও যেভাবে মামলা দেওয়া হচ্ছে এবং ডিউটির নামে গাড়ি খাটিয়ে ভাড়া দেওয়া হচ্ছে না, তাতে আমাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। হয়রানি বন্ধ এবং দাবিসমূহ না মানা পর্যন্ত এই কর্মসূচি বজায় থাকবে।
কর্মবিরতির ফলে সকাল থেকেই মতলব উত্তরের প্রধান প্রধান সড়ক ও অভ্যন্তরীণ রুটে সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী, পথচারী, চাকরিজীবী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে বিকল্প উপায়ে বাড়তি ভাড়া গুণে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব হয়রানীর অভিযোগকে অস্বীকার করেন। তিনি বলেন, আমরা কেন তাদের হয়রানি করতে যাব আমরা শুধু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মান্য করে আইন বাস্তবায়ন করছি।