রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ রাত ০৮:১০:৫৭
গত তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু
গত তিন মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে গরুর মাংস রপ্তানির পরিমাণ আরও বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি মাংসের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার বিষয়েও সরকার কাজ করছে।
এর আগে প্রতিমন্ত্রী বিএলআরআই প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক ড. এস এম আব্দুল আওয়াল, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান তুহিন এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।