রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৬ এপ্রিল ২০২৬ রাত ১০:২০:৪০
বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারে ইথুন বাবু ও মৌসুমী
বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে প্রচারে নেমেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় নেতারা।
প্রচারের শেষ দিন সোমবার শহরের মফিজ পাগলা মোড় এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন জাসাসের নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক সংগীতশিল্পী ইথুন বাবু। এ সময় তিনি বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা বগুড়ায় এসেছি। ধানের শীষের জয় নিশ্চিত করতে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি।”
প্রচারণায় আরও অংশ নেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খালেদ এনাম মুন্না, সংগীতশিল্পী সাজ্জাদ পলাশ, মালেক মুন্সী, মৌসুমী চৌধুরী, পরান আহসান, আকলিমা মুক্তা ও এস এম বি রিপন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা ও মহানগরের ছাত্রদল ও যুবদলের সাবেক নেতৃবৃন্দ।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষেও দিনব্যাপী প্রচার ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে শহরের শহীদ খোকন পার্কে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জামায়াত নেতা শিশির মনিরসহ অন্যান্যরা।
আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উপনির্বাচনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি)।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৪, পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন। মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।